জীবন-জীবিকার প্রয়োজনে আমরা সবাই ব্যস্ত। ব্যবসা-বাণিজ্যে, চাকরিতে বা জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য সবাই দুরন্ত গতিতে ছুটে চলেছি সময়ের রথে চড়ে। ছুটতে ছুটতে, চলতে-চলতে অনেকেই ভুলে যাই আমাদের চারপাশ এবং পরিবারকে। পরিবারকে সময় দেয়ার সময় কোথায়?
আপনি হয়ত ভাবছেন, এ আবার কেমন কথা। আমি তো পরিবারের সঙ্গেই আছি। ওদের জন্যই তো সব করছি। আপনি পরিবারের সঙ্গেই আছেন। ওদের জন্যই এত কষ্ট করছেন- কথাটি ঠিক। কিন্তু আপনি জানেন না, সঙ্গে থাকা মানেই কাছাকাছি থাকা নয়। সব কাজ করছেন ঠিকই কিন্তু আসল কাজ করছেন না। আপনি কি আপনার সন্তানকে যথেষ্ট সময় দেন? ওরা কি আপনার প্রতি নির্ভয়। আপনার সঙ্গে সমস্যা, সুখ-দুঃখ শেয়ার করে? স্কুলে বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কি আপনাকে বলে? সন্তানের দিকে তাকালে ওদের ভেতরটা বাবা-মায়ের কাছে আয়নার মতো পরিষ্কার দেখা যাবে। সন্তানের বাবা-মায়ের কাছে লুকানোর কিছু নেই। বাবা-মা হবে সন্তানের বন্ধু।